বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বছর ঘুরে আবারও এসেছে পহেলা বৈশাখের আনন্দঘন মুহূর্ত। চৈত্রের শেষ দিন পেরিয়ে নতুন বাংলা বছরকে বরণ করতে রাজধানী ঢাকাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার পূর্ণ স্বাদ শহরে না মিললেও, সাম্প্রতিক বছরগুলোতে নগরজীবনেও বৈশাখী আয়োজন হয়ে উঠেছে বেশ প্রাণবন্ত ও বৈচিত্র্যময়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে নতুন বছর উদযাপন করতে চাইলে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ উৎসব।
বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলা
বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘বৈশাখী মেলা ১৪৩৩’ শুরু হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। ১৪ থেকে ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ মেলা। এখানে পাওয়া যাচ্ছে মাটির পণ্য, নকশিকাঁথা, হস্তশিল্পসহ গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রী।
বনানীতে লোকজ আয়োজন
বনানীর জনপ্রিয় আয়োজনস্থল যাত্রাবিরতিতে চলছে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব। বাউলগান, নাচ, পুতুলনাচ ও বায়োস্কোপ প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের জন্য তৈরি হয়েছে গ্রামবাংলার আবহ। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
গুলশান-তেজগাঁও লিংক রোডে ‘আর্কা বৈশাখ’
আলোকি প্রাঙ্গণে আর্কা কালেকটিভের উদ্যোগে আয়োজিত ‘আর্কা বৈশাখ ১৪৩৩’-এ থাকছে মেলা, খেলাধুলা, খাবার ও সঙ্গীতানুষ্ঠান। বিভিন্ন ব্যান্ডের পরিবেশনায় মুখর থাকবে উৎসব। প্রতিদিনের টিকিট মূল্য ৫০০ টাকা।
কামাল আতাতুর্ক পার্কে ‘লাল বৈশাখী’
রিশকা কানেক্টসের আয়োজনে বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত হচ্ছে ‘লাল বৈশাখী’। এখানে নাগরদোলা, বায়োস্কোপ, ফটোবুথসহ নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে। কনসার্টেও অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পীরা। প্রবেশমূল্য ৩০০ টাকা।
আগারগাঁওয়ে এসএমই বৈশাখী মেলা
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এসএমই বৈশাখী মেলা, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ৩০০টিরও বেশি স্টলে দেশীয় পণ্য ও খাবারের সমাহার রয়েছে। প্রবেশমূল্য মাত্র ৩০ টাকা।
ভাটারায় ‘উৎসবে বৈশাখ’
শেফস টেবিল কোর্টসাইডে আয়োজিত ‘উৎসবে বৈশাখ’-এ রয়েছে আলপনা, পাপেট শো, বাউলগান ও নাগরদোলা। বিকেল থেকে শুরু হবে কনসার্ট। সাধারণ প্রবেশমূল্য ২০০ টাকা, আর কনসার্টের জন্য ৮০০ টাকা।
এছাড়াও রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় ছোট-বড় নানা বৈশাখী আয়োজন চলছে। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য, ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠেছে নতুন বছরের উৎসব।
সব মিলিয়ে, ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে রাজধানীতে পহেলা বৈশাখ উদযাপন পেয়েছে নতুন মাত্রা।