বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জুলাই আন্দোলন চলাকালে পারভেজ মিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর আদালতে দাখিল করা এই আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
রিমান্ড আবেদন করা দুই আসামি হলেন—যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ মুন্না (৫৬) এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পরিচিত নেতা কামরুল হাসান।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে যাত্রাবাড়ী ও আশপাশ এলাকায় আন্দোলন চলাকালে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও ধারালো অস্ত্র নিয়ে হামলায় শতাধিক আন্দোলনকারী আহত হন এবং কয়েকজন নিহত হন।
এর মধ্যে বিকেল আনুমানিক ৫টার দিকে কলাময় বাড়ির সামনে চৌরাস্তায় পারভেজ মিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে স্বজনরা মরদেহ শনাক্ত করে মাতুয়াইল কবরস্থানে দাফন করেন।
তদন্ত কর্মকর্তার দাবি, আসামিদের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ হামলায় অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের ভূমিকা নির্ধারণ এবং পলাতক আসামিদের শনাক্তে রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।