চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক ইউপি সদস্যের বাসা থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ১ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে ইউপি সদস্য শাহিনুর অবৈধভাবে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের মধ্যে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসন জানিয়েছে, জ্বালানি সংকটকে কেন্দ্র করে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।