বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ সাম্প্রতিক ব্যর্থ বৈঠকের পর আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে নতুন করে সংলাপ শুরুর আগে তেহরানের সামনে দুটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে ওয়াশিংটন।
ইসরায়েলি এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দুই দিনের মধ্যেই নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং কিছু পক্ষ সমঝোতায় আগ্রহ দেখাচ্ছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, প্রথম শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র চায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত ও বাধাহীন রাখা হোক। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা দেওয়া হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন।
‘পারস্পরিকতা’ নীতির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলছে, ইরান যদি হরমুজে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের অবশ্যই ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস-এর পূর্ণ অনুমোদন থাকতে হবে। এতে করে সম্ভাব্য কোনো চুক্তি দ্রুত এবং সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
তবে এসব শর্ত নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। ফলে সম্ভাব্য এই আলোচনা কতটা অগ্রসর হবে, তা নিয়ে কূটনৈতিক মহলে তৈরি হয়েছে অনিশ্চয়তা।