বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পরিবার, সহকর্মী ও লাখো ভক্ত অপেক্ষায় ছিলেন সুস্থ হয়ে ফেরার খবরে। কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিথর দেহে দেশে ফিরলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার।
রোববার (১৭ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে কারিনাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটে বিমানবন্দরে মেয়ের মরদেহ গ্রহণ করেন জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় কায়সার হামিদ। এ সময় কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। শোকে স্তব্ধ হয়ে পড়েন উপস্থিত স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও।
বিমানবন্দরে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মিডিয়াকর্মীরা কথা বলতে চাইলে শোকাহত কায়সার হামিদ কোনো মন্তব্য করতে পারেননি। পরে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাসার উদ্দেশে রওনা হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাত ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে আগামীকাল সোমবার ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, লিভার-সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর।