দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালমারী ও নসুরুদ্দি গ্রামে ৫৮৭টি অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে আয়োজিত এ মানবিক কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় জনকল্যাণমূলক কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে আসছে। তিনি বলেন, “রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায় পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তার আওতায় এনে তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি করে। তৃণমূলের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে দলীয় নেতাকর্মীদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শত শত নারী-পুরুষ অংশ নেন। ফ্যামিলি কার্ড পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।