বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : দেশের ব্যবসায়ী সমাজের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এ দীর্ঘদিন ধরে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে এবার প্রকাশ্য অবস্থানে এসেছে ব্যবসায়ী নেতারা। প্রশাসক আনিসুর রহিম খানকে অবিলম্বে অপসারণ এবং দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এফবিসিসিআই সংস্কার পরিষদ।
শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রায় ১৯ মাস ধরে এফবিসিসিআই নির্বাচিত নেতৃত্ববিহীন অবস্থায় পরিচালিত হচ্ছে, যা দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের জন্য উদ্বেগজনক। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বর্তমান প্রশাসক দুই দফায় নিজের মেয়াদ বাড়ালেও এখন পর্যন্ত নির্বাচনের কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। ফলে ব্যবসায়ী সমাজের মধ্যে হতাশা, ক্ষোভ ও অনিশ্চয়তা আরও বেড়েছে।
সংগঠনটির নেতারা মনে করছেন, ব্যবসায়ীদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করে দীর্ঘদিন প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখা এফবিসিসিআইয়ের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করছে। তাদের দাবি, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই।
এ পরিস্থিতিতে প্রশাসক অপসারণ ও দ্রুত নির্বাচনের দাবিতে আগামী ১৭ মে (রবিবার) দুপুর ২টায় ঢাকার মতিঝিলে এফবিসিসিআই ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ব্যবসায়ী নেতারা পরবর্তী কর্মসূচিও ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।