বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশ—যেমন সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ায় নতুন শ্রমবাজার গড়ে তুলতে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চ পর্যায়ের সফর আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে সম্ভাব্য শ্রমবাজার খোঁজা এবং বাংলাদেশি কর্মীদের পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দেশভিত্তিক লবিস্ট ফার্ম নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার কাজ চলছে এবং থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাপানে বাংলাদেশি কর্মীদের উচ্চ চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে কর্মী পাঠাতে জাপানিজ ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ বাড়ানো হয়েছে। বর্তমানে দেশের ৫৩টি টিটিসিতে জাপানিজ ভাষা শেখানো হচ্ছে এবং জাপানিজসহ রাশিয়ান, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষার প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের পেশাজীবীরা সেখান থেকে সরে যাচ্ছেন। এ সুযোগে বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী ও ব্যাংকারদের নিয়োগ সম্ভাবনা যাচাই করতে দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি, বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের আন্তর্জাতিক মান অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ দিয়ে আবারও বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় এবং নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ সদস্যরা।