বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে যুক্ত হলো এক ব্যতিক্রমধর্মী ঘটনা। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে অবশেষে আনা হয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।
বিশেষজ্ঞদের তথ্যমতে, প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটি এ ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়। গোলাপি বর্ণের এই বিরল মহিষকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি গবেষক ও প্রাণিপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মহিষটির শরীরে ‘মেলানিন’ নামক রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এমন অস্বাভাবিক গোলাপি বর্ণ দেখা গেছে। বিশ্বব্যাপী এ ধরনের প্রাণী অত্যন্ত বিরল হওয়ায় এটিকে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রাণীটির নিরাপত্তা ও সঠিক পরিচর্যার জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিষটির জন্য প্রস্তুত করা হয়েছে বড় শেড এবং সার্বক্ষণিক চিকিৎসা ও পরিচর্যার নির্দেশনা দেওয়া হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরকে।
তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকেও অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বিরল প্রাণী সংরক্ষণে গুরুত্বারোপ করে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে মহিষটির ক্রেতা মনিরুজ্জামানকে তার পশুর ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে। পাশাপাশি কোরবানির জন্য বিকল্প গরুরও ব্যবস্থা করা হয়েছে, যাতে তিনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন।
প্রতিমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ, প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। বিরল এই অ্যালবিনো মহিষ ভবিষ্যতে গবেষণা ও সংরক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।