বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে প্রতিরোধ ও দমনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব নির্দেশনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এ জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণ এবং নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ নিতে হবে এবং সরকারি সেবা ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে।
এ ছাড়া আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং সরকারি সেবা যেন হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ থাকে, সে বিষয়ে কঠোর তদারকি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।