বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহে গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অয়ন রহমানকে গুম করা হয়েছে—এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা পুলিশ।
রোববার (২৪ মে) সন্ধ্যায় দুই নেতাকে আদালতে সোপর্দ করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। বাদী ও বিবাদীপক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রাত সাড়ে ১০টার দিকে জরুরি প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।
পুলিশ জানায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা ঝিনাইদহের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সংবাদ সম্মেলনে অংশ নিতে এলে নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে একটি মামলা থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে একই মামলায় শনিবার (২৩ মে) রাতে যশোর থেকে জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। রোববার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অয়ন রহমানকে গুম করা হয়েছে বলে যে প্রচার চালানো হচ্ছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, “আমরা কাউকে গুম করার পক্ষে নই। অয়ন রহমানকে আটকের ২৪ ঘণ্টার মধ্যেই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, অয়নকে আটকের সময় তার বাবা, মা ও বোনকে বিষয়টি পুলিশ কর্তৃক অবহিত করা হয়েছিল।
প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।