বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। সেদিনই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা, পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আদালতে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আশরাফুল হক চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, দ্রুত বিচার নিশ্চিত করতে বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আলোচিত এ মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।
মামলার নথি অনুযায়ী, নিহত রামিসা পপুলার মডেল হাই স্কুল-এর দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে বাসা থেকে বের হলে প্রতিবেশী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার বাবা-মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান।
দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির ভেতরে তার কাটা মাথা দেখতে পান তারা।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
আলোচিত এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন ১ জুনের শুনানিকে কেন্দ্র করে দ্রুত বিচার কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ।