পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি,শুক্রবার ০৫ জুন, ২০২৬ : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে সিআরবি ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় আসামিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালীর বেগমগঞ্জ থানার এখলাসপুর এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান বাবু ওরফে বাবু (২৯) এবং কুমিল্লার চান্দিনা থানার মহিচাইল এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ কবির হোসেন (৩৪)। তারা উভয়েই বর্তমানে খুলশী থানার টাইগারপাস এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ (০৫ জুন) খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম ও পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাস এলাকায় এই অভিযান পরিচালনা করে।
খুলশী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিজানুর রহমান বাবু সিআরবি জোড়া খুন (ডাবল মার্ডার) মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় ক্যাডার হিসেবে পরিচিত। অন্য আসামি কবির হোসেনও তার সহযোগী হিসেবে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল, লিফলেট বিতরণ ও ব্যানার-পোস্টার টাঙিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের অন্যান্য সহযোগীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।