বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তান জন্মের সুখবর জানান তিনি।
বুবলী জানান, গত ১১ মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার কোলজুড়ে আসে একটি ফুটফুটে কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘শার্লিন খান’। জন্মসংক্রান্ত তথ্যেও বাবা হিসেবে চিত্রনায়ক শাকিব খানের নাম উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”
বিষয়টি নিশ্চিত করে বুবলী গণমাধ্যমকে জানান, “আপনাদের দোয়ায় আমার মেয়ে এখন ভালো ও সুস্থ আছে। গত ১১ মে তার জন্ম হয়েছে। বোনকে পেয়ে শেহজাদও অনেক খুশি।”
উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই তারকা জুটি।
নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী পরিবারের প্রতি শুভকামনা জানিয়েছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।