চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সরকারি কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের নামে প্রতারণার অভিযোগে মেসার্স মাসকুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪নং ধাইনগর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এসময় বক্তব্য দেন মো. ফারুক আলী, মো. সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, মো. শুকুরুদ্দীন ও মোছা. আফিয়া বেগমসহ অন্যান্য ভুক্তভোগীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি সহায়তা কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে চাল ও অন্যান্য পণ্য সরবরাহের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুত সুবিধা না পেয়ে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তাদের দাবি, প্রতিষ্ঠানের প্রধান জেসমিন ও তার প্রতিনিধিরা একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত টাকা ফেরত দেওয়া হয়নি। এতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।
মানববন্ধন থেকে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্তদের অর্থ দ্রুত ফেরত প্রদান এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
বক্তারা আরও বলেন, বর্তমানে জেসমিন কারাগারে থাকলেও তিনি যেন কোনোভাবেই জামিনে মুক্তি পেয়ে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধন শেষে আত্মসাৎকৃত অর্থ ফেরত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে এলাকাবাসীর স্বাক্ষরসংবলিত একটি আবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়।
ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত টাকা ফেরতের ব্যবস্থা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।