আবুল হাসনাত তুহিন ফেনী:-ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা কার্যক্রম সম্প্রসারণ করেছে ফেনীতে দায়িত্বপ্রাপ্ত ৪ বিজিবি।আজ রবিবার (১০ মে) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন প্রবেশের আশঙ্কা বাড়ায় সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দিন-রাত টহলের পাশাপাশি সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যাতে কোনো সন্দেহজনক চলাচল দ্রুত শনাক্ত করা যায়।
৪ বিজিবির অধিনায়ক জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার কিংবা চোরাচালান ঠেকাতে সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় কাউকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।
ফেনীর সীমান্তবর্তী পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের মতে, সীমান্তে বিজিবির কড়াকড়ি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধও বেড়েছে।
এদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অন্যান্য সংস্থার সাথেও সমন্বয় করে কাজ করছে বিজিবি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।