বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।
বৃহস্পতিবার (৭ মে) আকুকে এ অর্থ পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। আকুর সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানি লেনদেনের দায় সাধারণত প্রতি দুই মাস অন্তর নিষ্পত্তি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৬ মে) পর্যন্ত দেশের মোট বা গ্রোস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
তবে আকুর বিল পরিশোধের পর নতুন হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও, ১৫১ কোটি ডলার পরিশোধের পর গ্রোস রিজার্ভ কমে প্রায় ৩৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমেছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বিপিএম-৬ ভিত্তিক রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৯ দশমিক ১২ বিলিয়ন ডলার।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) বা প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ বর্তমানে প্রায় ২৭ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে।
বর্তমান রিজার্ভ দিয়ে বাংলাদেশ প্রায় ৫ মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের অন্তত ৩ মাসের আমদানি ব্যয় সমপরিমাণ রিজার্ভ থাকা প্রয়োজন। সে হিসেবে বাংলাদেশ এখনো স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।
আকু হলো সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আমদানি বিল নিষ্পত্তির একটি আন্তঃদেশীয় ব্যবস্থা। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তান এর সদস্য। সংস্থাটির সদর দফতর ইরানের রাজধানী তেহরানে অবস্থিত।
উল্লেখ্য, অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কার আকু সদস্যপদ বর্তমানে সাময়িকভাবে স্থগিত রয়েছে।