নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৭ হাজার ৫৫৮ জন।
হজ ফ্লাইট পরিচালনায় এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৩১ মে পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর ফ্লাইট চলবে।
এদিকে, সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।