নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ ও জাতির শান্তি কামনায় তিনি সেখানে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শনিবার (২ মে) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সকাল সাড়ে ১০টার দিকে মাজার জিয়ারত সম্পন্ন করেন তিনি।
সফরের অংশ হিসেবে নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
পরে সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।