স্টাফ রিপোর্টার: কাজল ইব্রাহীম : গাজীপুরের মালেকের বাড়ী এলাকায় সুমনের কার্যালয়ে ২২ এপ্রিল ২০২৬ ইং তারিখে রাত ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত জামালপুর সমিতি, গাজীপুর (জাসগা)-এর এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুল ইসলাম মুন্না।
সভায় উপস্থিত সদস্যদের সম্মুখে সভাপতি হাফিজুল ইসলাম মুন্না বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অদ্য তারিখ হতে বিদ্যমান কার্যনির্বাহী কমিটির সকল দায়িত্ব, ক্ষমতা ও কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
একই সঙ্গে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়া পর্যন্ত সংগঠনের কার্যক্রম সচল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
গঠিত আহ্বায়ক কমিটিতে রাশেদুল কবির ফরিদকে আহ্বায়ক এবং কামরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন—তৌফিক আলম, ইকবাল হোসেন খান, নূরন্নবী লিটন, মহিউদ্দিন আহমেদ, এডভোকেট হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মুক্তাদির বিল্লাহ, এডভোকেট ইসমাইল হোসাইন, ফরহাদ হোসেন, রাশেদুল ইসলাম রোমান, আব্দুস সামাদ, জয়নাল আবেদীন, হাফিজুল ইসলাম মুন্না, দেলোয়ার হোসেন ডিউ, আব্দুর রাজ্জাক মেকার্স, শরীফ উদ্দিন আকন্দ, আব্দুর রহিম, কাজল ইব্রাহীম, নয়ন মিয়া এবং জায়েদুল ইসলাম স্বপন।
সভায় বক্তব্য প্রদানকালে সংগঠনের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুন্না বলেন, সমিতির মৌলিক লক্ষ্য হচ্ছে উন্নয়নধর্মী ও মানবকল্যাণমুখী কার্যক্রমের ধারাবাহিকতা সুদৃঢ় রাখা। সেই উদ্দেশ্য বাস্তবায়নেই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও ফলপ্রসূ পর্যায়ে উন্নীত করবে।
তিনি আরও উল্লেখ করেন, ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন এবং সংগঠনটি সরকারি নিবন্ধনের আওতাভুক্ত হওয়ায় এর সকল কার্যক্রম আইনানুগ কাঠামোর মধ্যেই পরিচালিত হয়ে আসছে—যেখানে কোনো প্রকার অনিয়ম বা ব্যত্যয়ের অবকাশ নেই। সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডিউ উক্ত বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন।
নবনিযুক্ত আহ্বায়ক রাশেদুল কবির ফরিদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমিতির আদর্শ, শৃঙ্খলা ও ঐতিহ্য সমুন্নত রেখে নির্ধারিত সময়ের মধ্যেই একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও গণমুখী পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে আমরা বদ্ধপরিকর। এ বক্তব্যের সঙ্গে সদস্য সচিব কামরুল ইসলাম সহমত পোষণ করেন।
প্রতিষ্ঠাতা আব্দুল আল মামুনের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা এই সংগঠনটি আজ একটি সুসংহত ও আধুনিক কাঠামোয় প্রতিষ্ঠিত। আজীবন সদস্য, দাতা গোষ্ঠী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত অবদানে সংগঠনটি ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রেখেছে। বিশেষ করে আজীবন সদস্যদের আন্তরিক সহযোগিতা, আর্থিক ও নৈতিক সমর্থন সংগঠনের প্রতিটি কার্যক্রমকে শক্তিশালী ভিত্তি প্রদান করেছে এবং সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জামালপুর সমিতি গাজীপুর (জাসগা) দীর্ঘদিন ধরে পথশিশু, দৃষ্টি প্রতিবন্ধী, এতিম শিক্ষার্থী, মাদ্রাসা ও মসজিদ কেন্দ্রিক সহায়তা, বৃক্ষরোপণসহ নানামুখী সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি বিভিন্ন সময়ে বন্যা ও বানভাসি মানুষের মাঝে ত্রাণ ও সহায়তা প্রদান করে মানবিক দায়িত্ব পালনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন যে, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে দক্ষ, স্বচ্ছ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যতে আরও উচ্চতর অবস্থানে পৌঁছে দেবে।