দুর্বৃত্তদের বেআইনি বেড়া অপসারণে প্রশাসনের দ্রুত পদক্ষেপ, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে
বরকত উল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি :
বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের সাত নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অবসান ঘটেছে। সরকারি ইটের নির্মিত সড়কের মাঝখান দখল করে দুর্বৃত্তদের দেওয়া বেআইনি বেড়া অবশেষে অপসারণ করা হয়েছে, ফলে স্বাভাবিক চলাচল ফিরে পেয়েছে এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ ছিল, কিছু প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে সরকারি সড়ক দখল করে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহনসহ সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। বিষয়টি সামাজিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।
জনগণের সেই দাবি ও দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সরাসরি নির্দেশনায় স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। প্রশাসনের এই উদ্যোগে বেআইনি বেড়া অপসারণ করা হয় এবং সরকারি সড়ক পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
এ ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তারা মনে করছেন, সরকারের দায়িত্বশীল অবস্থান এবং জনপ্রতিনিধির কার্যকর ভূমিকার ফলেই দ্রুত সমস্যার সমাধান সম্ভব হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের দৃঢ় পদক্ষেপই প্রমাণ করে—সরকার জনগণের পাশে রয়েছে এবং জনস্বার্থে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রস্তুত। একই সঙ্গে এটি একটি বার্তা যে, সরকারি সম্পদ দখলের অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
স্থানীয়রা এখন আশা করছেন, ভবিষ্যতেও এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে, যাতে কোনো মহল আর জনস্বার্থের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না পায়।