নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা, বুধবার (২২ এপ্রিল ২০২৬):
বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো কোনো অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার হওয়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, হাফিজুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয় এবং পরে তাকে কুমিল্লা সদর আদালতে উপস্থাপন করা হয়।
এর আগে গত ৬ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চান। সন্দেহভাজনরা হলেন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।
আদালত সূত্রে জানা গেছে, আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত ১০ বছরে চারটি সংস্থার মোট সাতজন কর্মকর্তা মামলার তদন্ত করেছেন।
দীর্ঘ সময় পর এই গ্রেফতারকে মামলার অগ্রগতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের শনাক্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন।