বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইরানে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিসের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।
সোমবার aljazeera.com�-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধের পথে যেতে পারে, কারণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আশপাশে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা তাকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থি নীতিনির্ধারকরা।
এলমাসরি বলেন, ইরানের কাছ থেকে ট্রাম্প যে ধরনের আত্মসমর্পণ আশা করেছিলেন, তা তিনি পাননি। একইসঙ্গে তেহরানের সঙ্গে আলোচনাও তার প্রত্যাশামতো এগোয়নি। তিনি আরও দাবি করেন, চীন সফর এবং শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের সময়ও ট্রাম্প ইরান ইস্যুতে বড় ধরনের অগ্রগতির আশা করেছিলেন।
তার মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক— দুই দিক থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তবে ট্রাম্প বর্তমান পরিস্থিতি থেকে সহজে সরে আসবেন না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর প্রায় ৪০ দিন ধরে সংঘাত চলতে থাকে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।