বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে আগামীকাল থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
এদিকে, সৌদি আরবেও ইতোমধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশও একই তারিখে ঈদ উদ্যাপনের ঘোষণা দিয়েছে।