বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকা, ১৩ মে ২০২৬: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কার্যকর পুনর্বাসন নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে একটি নতুন পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি নির্বাচিত উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিতকরণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় প্রধানমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা রক্ষা ও তাদের সক্ষমতা মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষা, চিকিৎসা ও নাগরিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি বলেন, বাস্তবভিত্তিক পদক্ষেপের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ভবন নির্মাণ নীতিমালার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী জানান, হাসপাতাল, রেস্তোরাঁসহ সরকারি-বেসরকারি সব স্থাপনায় তাদের জন্য উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে হুইলচেয়ার ব্যবহারকারীদের সহজ প্রবেশ নিশ্চিত করতে দরজার নকশায় পরিবর্তনের নির্দেশ দেন।
পরিবহন খাতেও বিশেষ সুবিধা নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, নারীদের জন্য পরিকল্পিত ইলেকট্রিক বাস সার্ভিসে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা সুবিধা রাখতে হবে।
এ ছাড়া প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম তদারকি জোরদার এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বিশেষ প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ দেশের বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।