বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সিলেট টেস্টের পঞ্চম দিনে রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট হোয়াইটওয়াশের কীর্তি।
৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান পঞ্চম দিন শুরু করে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে। সকালে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান দ্রুত রান তুলতে থাকলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে ৫৪ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ২৮ রান করা সাজিদ স্লিপে ক্যাচ দিলে স্বস্তি ফেরে টাইগার শিবিরে।
এরপর শরিফুল ইসলামের বলে ৯৪ রান করা রিজওয়ান আউট হলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। ১৬৬ বলের ইনিংসে ১০টি চার মারেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার।
শেষ পর্যন্ত খুররম শেহজাদকে আউট করে ইনিংসে ৬ উইকেট পূর্ণ করেন তাইজুল ইসলাম। পাকিস্তান অলআউট হয় ৩৫৮ রানে। ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে জয়ের নায়ক হয়ে ওঠেন এই বাঁহাতি স্পিনার।
চতুর্থ দিন থেকেই পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামাতে শুরু করেছিল বাংলাদেশ। বাবর আজম ৪৭, শান মাসুদ ৭১ ও সালমান আলি আগা ৭১ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। নাহিদ রানা ও তাইজুল ইসলামের আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা।
এর আগে দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে ৩৯০ রান তোলে বাংলাদেশ। এতে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।
এই জয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বাংলাদেশ।