বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে নবম জাতীয় পে-স্কেল। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেলের প্রথম ধাপ কার্যকর হতে যাচ্ছে। এ ধাপে কর্মকর্তা-কর্মচারীরা বর্তমান মূল বেতনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ সমন্বিত বেতন পাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন বাজেটে এ খাতে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত কমিটি বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ দিতে যাচ্ছে।
অর্থ বিভাগ সূত্র জানায়, কমিটির সুপারিশ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে।
ধাপে ধাপে শতভাগ বেতন সমন্বয়
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে প্রথম ধাপে ৫০ শতাংশ বেতন সমন্বয় কার্যকর হবে। পরবর্তী অর্থবছরে দ্বিতীয় ধাপে আরও সমপরিমাণ সমন্বয় যুক্ত করে দুই বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন করা হবে।
তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, ঝুঁকি ভাতা ও বিশেষ প্রণোদনাসহ অন্যান্য সুবিধা একসঙ্গে চালু করা হচ্ছে না। এসব সুবিধা ২০২৮-২৯ অর্থবছরে তৃতীয় ধাপে পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, একবারে সব সুবিধা চালু করলে সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই রাজস্ব সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিম্ন আয়ের কর্মচারীদের বাড়তি সুবিধা
কমিটির একাধিক সূত্র জানায়, নতুন পে-স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমানোর সুপারিশও থাকতে পারে।
নতুন পে-স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা আসতে পারে।
পেনশনভোগীদের জন্যও বড় সুখবর
সাবেক সচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বাধীন বেতন কমিশন পেনশন বৃদ্ধির ক্ষেত্রেও বড় সুপারিশ করেছে।
সুপারিশ অনুযায়ী—
মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন বাড়তে পারে প্রায় ১০০ শতাংশ
২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে ৭৫ শতাংশ পর্যন্ত
৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীরা পেতে পারেন ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি
আগামী অর্থবছরে এ বৃদ্ধির কতটুকু কার্যকর করা হবে, তা নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্তের কাজ চলছে।
সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের ব্যয় অনেক বেড়েছে। তাই ধাপে ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত যৌক্তিক।
অন্যদিকে Policy Exchange Bangladesh-এর চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত কৌশলী পদক্ষেপ।