বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,ঢাকা, ২৭ মে : রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক, ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্বজনদের অভিযোগ, হাসপাতালের একটি ওয়ার্ডে এয়ার কন্ডিশনারের গ্যাস লিকেজের কারণে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলে একে একে অসুস্থ হয়ে পড়ে নবজাতকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বুধবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের দাবি, রাতে ওয়ার্ডে থাকা শিশুদের মধ্যে কান্না, বমি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এক নবজাতকের দাদি অভিযোগ করে বলেন, চিকিৎসকরা পরিস্থিতি সামাল দিতে না পারলে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া উচিত ছিল। তিনি জানান, নাতনিকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়ে ওষুধ কেনার জন্য কয়েক হাজার টাকা ব্যয় করানো হয়। পরে দীর্ঘ অপেক্ষার পর জানতে পারেন, শিশুটি আর বেঁচে নেই।
আরেক স্বজন অভিযোগ করেন, রাতে ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন না। তাদের ভাষ্য, শিশুরা সারা রাত কান্না করছিল এবং একে একে অসুস্থ হয়ে পড়ছিল।
সন্তান হারানো এক মা বলেন, “রাতে প্রায় সব শিশুই কান্না করছিল, বমি করছিল। আমরা বুঝতেই পারিনি কী ঘটছে। সকালে আমার বাচ্চার অবস্থা খারাপ হলে বাইরে নেওয়া হয়। পরে এনআইসিইউতে নেওয়ার পর প্রথমে আশ্বস্ত করা হলেও কিছুক্ষণ পর মৃত্যুর খবর জানানো হয়।”
ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিচারের দাবিতে স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে তদন্তে সহযোগিতার কথা জানানো হয়েছে।