দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন দাবিদাওয়া বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় দাউদকান্দি পৌরসভা বাজারে ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল মিয়াজী, রেজাউল হক সরকার, আবু বকর সিদ্দিক ও ইসমাঈল হোসেন তালুকদার। বক্তারা বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা অটুট রাখতে হবে। তারা ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সমগ্র কর্মসূচি সঞ্চালনা ও পরিচালনা করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ।
মানববন্ধন শেষে ব্যবসায়ী নেতারা বলেন, “ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহক ও ব্যবসায়ীর আস্থার প্রতীক। কোনোভাবেই এই প্রতিষ্ঠানকে বিতর্কিত বা স্বার্থান্বেষী গোষ্ঠীর নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না।” পাশাপাশি তারা এস. আলম গ্রুপের প্রভাবমুক্ত ও গ্রাহকবান্ধব ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় অংশগ্রহণকারীরা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।