দাউদকান্দি, কুমিল্লা, বিশেষ প্রতিবেদক : কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) আয়োজিত পৃথক দুই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ১৯৭১ সালের সংকটময় মুহূর্তে তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিকভ্রান্ত বাঙালি জাতির জন্য সময়োপযোগী ও সঠিক দিকনির্দেশনা হিসেবে কাজ করেছিল। তাঁর এই ঘোষণা মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে ঐক্য ও সমন্বয় সৃষ্টি করে মুক্তিযুদ্ধকে বেগবান করেছিল।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, সংগঠক ও সাহসী নেতৃত্ব হিসেবে জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি আধুনিক, স্বনির্ভর ও উৎপাদনমুখী বাংলাদেশ গঠনের ভিত্তি স্থাপন করেন। কৃষি উন্নয়ন, খাল খনন কর্মসূচি, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রাষ্ট্রনায়ক হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
ড. মারুফ আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ জিয়ার সততা, কর্মনিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনায় দক্ষতা আজও অনুসরণীয়। রাজনৈতিক প্রতিপক্ষরাও তাঁর বিরুদ্ধে দুর্নীতি বা স্বজনপ্রীতির কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সারাজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ড. মারুফ বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ পুনর্গঠনের সংগ্রাম অব্যাহত থাকবে।
দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ. জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম। অপরদিকে মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম.এম. মিজানুর রহমান।
অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাদেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় ড. খন্দকার মারুফ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকতে হবে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানুষের সুখ-দুঃখে অংশীদার হওয়ার মধ্য দিয়েই বিএনপির রাজনীতি আরও শক্তিশালী হবে।