তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লার তিতাসে দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার রাষ্ট্রগঠনমূলক অবদান স্মরণ করে তাঁর আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার দুপুরে উপজেলার বাতাকান্দি বাজার মসজিদ সংলগ্ন এলাকায় সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি মো. মাইন উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং শিল্প মন্ত্রণালয়ের বিসিআইসি’র পরিচালক মো. দেলোয়ার হোসেন শহীদ জিয়ার কর্মময় জীবন ও উন্নয়ন দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি নির্মাণে জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া, সাবেক সভাপতি সালাহউদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শহীদ জিয়ার আত্মত্যাগ, দেশপ্রেম এবং জনগণকেন্দ্রিক রাজনীতি আজও জাতীয় জীবনে প্রাসঙ্গিক। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।