আরাফাতের ময়দান থেকে মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান, ফিলিস্তান মুক্তির জন্য বিশেষ দোয়ার অনুরোধ
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট, মক্কা, ২৬ মে : পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে ইরানের জনগণের উদ্দেশে দেওয়া এক বিশেষ বার্তায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ঐতিহাসিক ময়দানে ইরানি হাজিদের তত্ত্বাবধায়কের মাধ্যমে তার এ বার্তা পাঠ করা হয়।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, খামেনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য একটি ‘বিপজ্জনক ও প্রাণঘাতী ক্যানসারসদৃশ টিউমার’ হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, চলমান সংঘাতে ইরানের আঘাতে জায়নবাদী শাসনগোষ্ঠী দুর্বল ও কোণঠাসা অবস্থায় পৌঁছেছে।
বার্তায় তিনি বলেন, এবারের হজের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ‘মুশরিকদের থেকে সম্পর্কচ্ছেদ বা বিমুখতা’ প্রদর্শন, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম বিশ্বের জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই অবস্থান এখন শুধু হজের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে বিস্তৃত হয়েছে।
খামেনি আরও বলেন, ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’—এই স্লোগানগুলো মুসলিম উম্মাহর মধ্যে আরও ব্যাপকভাবে প্রতিধ্বনিত হবে। তিনি ‘আল্লাহু আকবার’ ধ্বনিকে মুসলিমদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে আখ্যায়িত করেন।
এ সময় তিনি দাবি করেন, এই আদর্শিক শক্তির কারণেই লেবানন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানের প্রতিরোধ আন্দোলনগুলো একসূত্রে আবদ্ধ হয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিরাপদ অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।
ইসরায়েল প্রসঙ্গে খামেনি বলেন, ‘ক্যানসারসদৃশ জায়নবাদী শাসনব্যবস্থা তার শেষ পর্যায়ে পৌঁছে গেছে’ এবং ভবিষ্যতে এর অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না।
বার্তার শেষাংশে তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের ফিলিস্তিন, মসজিদুল আকসা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ।