নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৬ মে: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সৎসাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়া উচিত।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর ও রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয়। তিনি যদি সত্যিই নির্দোষ হন, তাহলে দেশে ফিরে প্রচলিত আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।
দেশের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনগণের যাতায়াত ও নিরাপত্তা প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের বিভিন্ন ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে।
তিনি দাবি করেন, অতীতে ঈদযাত্রায় যে ধরনের নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি ও দুর্ভোগের আশঙ্কা থাকত, এবার তা অনেকটাই কমেছে। সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে সাধারণ মানুষ তুলনামূলক স্বস্তিতে যাতায়াত করতে পারছে।
বিএনপির এই নেতা আরও বলেন, ঈদকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো এবং নিয়ন্ত্রণে রয়েছে।
সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারের আন্তরিকতা ও তৎপরতা প্রশংসার দাবিদার।
তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকারবদ্ধ। গণতান্ত্রিক অধিকার, সুশাসন এবং জনকল্যাণ নিশ্চিত করতে দল ও সরকার সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।