বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বহু নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। ফলে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ এখন সময়ের অপেক্ষা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি� জানিয়েছে, কংগ্রেস, ভিসিকে, সিপিআইএম ও সিপিআই থালাপতির দল টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে এসব দলের মোট আসন সংখ্যা ১৩।
গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পায়। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। তবে দুটি আসনে জয় পাওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে বিজয়কে। এতে টিভিকের কার্যকর আসন সংখ্যা দাঁড়াবে ১০৭-এ।
অন্যদিকে মিত্র দলগুলোর ১৩টি আসন যোগ হওয়ায় জোটের মোট আসন সংখ্যা দাঁড়াচ্ছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।
আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় থালাপতি বিজয় রাজ্যপাল আরভি আর্লেকার-এর সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবেন। সেখানে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে কংগ্রেস ও বামপন্থি দলগুলো ক্ষমতাসীন ডিএমকের জোটে ছিল। তবে বর্তমান রাজনৈতিক সমীকরণে তারা এখন বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিচ্ছে।