নিজস্ব প্রতিবেদক : দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (৫ মে) দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে আবহাওয়া অস্থির থাকতে পারে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।