বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (১ মে) পুলিশ কর্তৃপক্ষ বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানায়।
পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি এবং বাংলাদেশ কনস্যুলেট, মিয়ামি যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
নিহত নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।
একইদিন লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহ-কে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানায়, লিমনের মরদেহ উদ্ধারের স্থানসংলগ্ন এলাকা থেকে আরও একটি অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা তখনই ধারণা করেন, সেটি নিখোঁজ বৃষ্টির হতে পারে।
আদালতে দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু-এর দক্ষিণে উদ্ধার হওয়া দেহাবশেষের পোশাকের সঙ্গে সিসিটিভি ফুটেজে শেষবার বৃষ্টির পরনে থাকা পোশাকের মিল রয়েছে। পরে সেটিই বৃষ্টির মরদেহ হিসেবে শনাক্ত হয়।
এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ শনিবার (২ মে) অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহটি আগামী সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।