নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি ‘জ্বালানিবিষয়ক’ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্বার্থে যৌথ উদ্যোগে কাজ করার লক্ষ্যে বিরোধী দলকে পাঁচ সদস্যের নাম দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়। প্রস্তাব অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক পাঁচজন করে সদস্য থাকবেন।
সংসদ অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, এই কমিটির মাধ্যমে বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ সরকারের কাছে পৌঁছাবে এবং বাস্তবসম্মত হলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা হলেও দেশের স্বার্থে সরকার যে কোনো পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
সরকারি দলের ঘোষিত সদস্যরা হলেন— প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এর আগে, বুধবার (২২ এপ্রিল) সংসদে আলোচনায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সরকারের সঙ্গে যৌথভাবে সমাধান খোঁজার প্রস্তাব দেন। তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকেও কিছু কার্যকর পরামর্শ রয়েছে, যা যৌথ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে।
প্রধানমন্ত্রীর প্রস্তাবের জবাবে বিরোধীদলীয় নেতা বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে দ্রুতই তাদের পক্ষ থেকে সদস্যদের নাম জমা দেওয়ার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ দেশের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
উল্লেখ্য, জ্বালানি তেল, গ্যাস সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে কয়েকদিন ধরেই সংসদে আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটেই যৌথ কমিটি গঠনের উদ্যোগ সামনে এলো।