ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ, পণ্যের প্যাকেটে মূল্য,উৎপাদন ও মেয়াদের তারিখ এবং ব্যাচ নম্বর না থাকার অভিযোগে একটি সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃ্হস্পতিবার বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ঠাকুরগাঁও সুগারমিল মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘মেসার্স সোনামণি ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখা এবং পণ্যের প্যাকেটে মূল্য,উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকার সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আশাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবীদ নিহারঞ্জন রায়, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ আল মুজাহিদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক সরকার।
সদর উপজেলার নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আশাদুল হক এ সময় জানান, অভিযুক্ত ব্যবসায়ী অভিযোগ স্বীকার করে নেয়ায় আরও বড় সাজা দেয়া হয়নি। মেয়াদোত্তীর্ণ কিটনাশক বিক্রি কৃষকদের কৃষি উৎপাদনে বিরাট ক্ষতির কারণ হয়ে থাকে। তাই কোনো কীটনাশক বা সার ব্যবাসায়ীই যেন এ ধরনের ক্ষতিকর কাজ না করতে পারেন সে দিক লক্ষ্য রেখে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত রাখা হবে।
জাকির মোস্তাফিজ মিলু