নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। নির্বাচনকালে শৃঙ্খলা ভঙ্গের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বুধবার বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে আয়োজিত “Electoral Management Exercise” শীর্ষক জাতীয় নির্বাচনের ভোট মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটকেন্দ্রভিত্তিক এই মহড়ায় নির্বাচন পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়েছে। এর মধ্যে ছিল বডি ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি নজরদারি, ড্রোন ব্যবস্থাপনা এবং ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ–২০২৬’। তিনি বলেন, এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে, যা নির্বাচনকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে—ইনশাআল্লাহ।
সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশে তাদের হাতে গোনা কিছু সমর্থক ছাড়া উল্লেখযোগ্য কোনো ভিত্তি নেই। বিদেশে বসে এ ধরনের নেতিবাচক প্রচারণায় জনগণের সাড়া মিলবে না বলেও তিনি মন্তব্য করেন। সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে এবারের নির্বাচন হবে সবচেয়ে অংশগ্রহণমূলক। কারণ, জনগণ বিগত তিনটি নির্বাচনে প্রকৃতভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি।
উল্লেখ্য, “Electoral Management Exercise” মহড়ায় একটি আদর্শ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ বাস্তবভাবে উপস্থাপন করা হয়।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।