বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যের চার দেশে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশকিছু হামলা প্রতিহত করার দাবি করেছে।
শুক্রবার (২৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এবং বাকি চারটি উপসাগরীয় জলসীমা বা জনবসতিহীন এলাকায় পড়েছে।
কুয়েত জানিয়েছে, তাদের প্রধান বাণিজ্যিক বন্দর শুয়াইক বন্দরে হামলা হয়েছে। দেশটির বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নয়টি ড্রোন প্রতিহত করেছে।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে তারা মোট ৩৬২টি ড্রোন এবং ১৫৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আগের দিনের তুলনায় ড্রোন প্রতিহতের সংখ্যা আরও বেড়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় সেসব এলাকার আশপাশ থেকে বেসামরিক জনগণকে সরে যেতে আলটিমেটাম দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শুক্রবার (২৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী মোতায়েন থাকা এলাকাগুলোর আশপাশে অবস্থান করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক জনগণকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও ইরানি কর্মকর্তাদের হত্যার অভিযোগও করা হয়।