দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে বিজয় মিছিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। হাসানপুর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মারুকা ইউনিয়ন যুবদল নেতা মোঃ হারিস চৌধুরী এবং তার ছোট ভাই—যিনি স্থানীয় যুবদলের সক্রিয় নেতা—মারুকা ইউনিয়ন বিএনপির বিজয় মিছিলে অংশ নেন।
মিছিল চলাকালে স্থানীয় জামায়াত-সমর্থিত সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গৌরীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান। আহতদের শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি এই হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
রোমান খন্দকার বলেন, বিজয়ের আনন্দঘন মুহূর্তে এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং রাজনৈতিক সহনশীলতার পরিপূর্ণ অবক্ষয়ের পরিচয় বহন করে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে।
এদিকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে বিজয় মিছিলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তারা দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।