বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ২০২১ সালের পর আবারও জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী জুন-জুলাই মাসে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী শুরুতে দুই টেস্ট ও পাঁচ ওয়ানডে ম্যাচের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত সূচিতে একটি টেস্ট ও দুটি ওয়ানডে কমানো হয়েছে। পরিবর্তে যোগ করা হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর জুনের শেষ দিকে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সফরের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুন হারারেতে।
এরপর একই ভেন্যুতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বুলাওয়েতে ১৫, ১৭ ও ১৯ জুলাই।
বাংলাদেশ সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল। সেবারও একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালে বাংলাদেশের সর্বশেষ জিম্বাবুয়ে সফরে কোনো টেস্ট ম্যাচ ছিল না। সেই সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই সিরিজেই ২-১ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি সফরটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। সব ফরম্যাটেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে বলে আশা করছি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের দারুণ পারফরম্যান্সের পর নিজেদের মাঠে আবারও শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই সিরিজকে সামনে রেখে দুই দলই নতুন পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের জন্য এটি হবে বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান আরও শক্ত করার একটি গুরুত্বপূর্ণ মিশন, আর জিম্বাবুয়ের জন্য ঘরের মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ।