নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা।”
তিনি আরও জানান, উলাশী খালে পানি প্রবাহ শুরু হলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে, যা এলাকার কৃষি ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে তার বহনকারী উড়োজাহাজ যশোর বিমানবন্দরে অবতরণ করে।
সফরসূচি অনুযায়ী, খাল পুনর্খনন উদ্বোধনের পর তিনি শার্শায় একটি পথসভায় অংশ নেন। পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। তবে গত তিন মাসে এটি তার দ্বিতীয় যশোর সফর।