বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির সাবেক নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা তার নেই।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে (বাংলা)-এর একটি টক শো’তে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা চলছে তা “একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব” এবং এর সঙ্গে ন্যূনতম সত্যতাও নেই। তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে, এনসিপির পক্ষ থেকেও আহ্বান এসেছে। তবে বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি।
তার ভাষায়, “ওরা বারবারই বলেছে—আপা, চলে আসেন আমাদের সাথে। কিন্তু আমি তাদের এপ্রোচে হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি।”
সংসদে কথা বলার সুযোগ বাড়ানোর জন্য এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, কেবল কথা বলার সুযোগের জন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, “আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ ও পরিকল্পনা বিসর্জন দিয়ে শুধু সংসদে দুই মিনিট কথা বলার জন্য আমি কোনো দলে যোগ দেব না।”
এই বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটালেন তিনি।