বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সসহ দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এসব হামলায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি বলে দাবি করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মারকাজি প্রদেশের খোন্দাব এলাকায় অবস্থিত হেভি ওয়াটার কমপ্লেক্সে মার্কিন-ইসরায়েলি বাহিনী হামলা চালায়। স্থানীয় এক কর্মকর্তার বরাতে সংস্থাটি জানায়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স নিউজ জানায়, ইয়াজদ প্রদেশের আরদাকানে অবস্থিত ইয়েলোকেক উৎপাদন স্থাপনাতেও দ্বিতীয় দফা হামলা হয়েছে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, স্থাপনার বাইরে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি।
এদিকে, হামলার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরানি কর্তৃপক্ষ।