বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। নিহতের ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আনুষ্ঠানিক সমবেদনা জানিয়েছেন তিনি।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এই শোকবার্তা পৌঁছে দেন।
টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাহরাইন সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
তিনি আরও জানান, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দেশটির সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইন সরকারের দ্রুত সহযোগিতা ও মানবিক সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান।
এর আগে একই দিন বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়।
সূত্র: বাসস