বর্তমান সরকারের চার মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ; প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র
স্টাফ রিপোর্টার :
বর্তমান সরকারের চার মাস পূর্ণ না হতেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ায় মন্ত্রী পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন দীপেন দেওয়ান।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। এ কারণে মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপির মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ ব্যবধানে জয়লাভ করেন। ২১৩টি কেন্দ্রে তিনি পান ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে পান ৩০ হাজার ৯৯২ ভোট।
নির্বাচনে জয়ের পর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে মন্ত্রিত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় তার আকস্মিক পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে।
১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না এবং তার স্থলাভিষিক্ত হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।