রাজ্যপালের শর্ত পূরণ না হওয়ায় আজ আর হচ্ছে না মুখ্যমন্ত্রী হিসেবে শপথ
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : তামিলনাড়ুর সরকার গঠন প্রক্রিয়ায় নতুন করে নাটকীয়তা তৈরি হয়েছে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় আপাতত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না তামিলনাড়ু ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, শনিবার (৯ মে) নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার জানিয়েছেন, বিজয় এখনো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন দেখাতে পারেননি।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে আবারও বৈঠক করেন বিজয়। তবে বৈঠক শেষে পরিষ্কার জানানো হয়—সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ছাড়া তাকে শপথের আমন্ত্রণ দেওয়া হবে না।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। যদিও বিভিন্ন প্রতিবেদনে টিভিকে জোটের আসন সংখ্যা ১২০ বলে দাবি করা হয়েছিল, বাস্তবে তা ১১৬-তেই আটকে আছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
রাজনৈতিক সমীকরণ আরও জটিল করে তুলেছে কয়েকটি দলের অবস্থান। ভিসিকে সমর্থন দিলেও আইইউএমএল তাদের সমর্থন দেয়নি বলে স্পষ্ট করেছে। পাশাপাশি টিটিভি নামের আরেকটি দলও বিজয়ের পক্ষে না থাকার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, গত ৪ মে প্রকাশিত ফলাফলে বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসন পায়। ফলে সরকার গঠনের জন্য তাদের অতিরিক্ত সমর্থনের প্রয়োজন ছিল, যা এখনো নিশ্চিত করতে পারেননি তিনি।
বর্তমান পরিস্থিতিতে তামিলনাড়ুর রাজনীতিতে অনিশ্চয়তা আরও বাড়ছে, আর সরকার গঠন নিয়ে দৌড়ঝাঁপ অব্যাহত রয়েছে।