নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি ,কুমিল্লা | ৩০ এপ্রিল ২০২৬ : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজন আসামীসহ মোট ১০ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারীর নির্দেশনায় এসআই (নিঃ) ইমাম উদ্দীন ও এএসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এসময় ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ সরকারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল্লাহ সরকার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এছাড়াও একই অভিযানে দাউদকান্দির বিভিন্ন এলাকা থেকে আরও ৯ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক আসামীদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।