1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপি নেতা কাজলেই আস্থা উপজেলাবাসীর মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। (চসিক)মেয়র। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ ইরানের মারকাজিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: নিহত ১১, আহত ১৫ রাজধানীর স্কুলঘিরে যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক উত্তর হাসানপুরে তরুণী নির্যাতন: অভিযুক্ত পলাতক, পরিবারে হুমকি—বিচার নিয়ে বাড়ছে শঙ্কা যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি। ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর। “‘জুলাই আমাদের সৃষ্টি’—রাজনৈতিক বার্তায় দৃঢ় অবস্থান জানালেন নুরুল হক নুর”

মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। (চসিক)মেয়র।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

পারভেজ বাঙালী , চট্টগ্রাম প্রতিনিধি । চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি নৈতিক, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের চিন্তাকে প্রসারিত করে, মূল্যবোধ তৈরি করে এবং প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চসিক আয়োজিত মহান স্বাধীনতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ মেলা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

মেয়র মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। পাহাড়তলী বধ্যভূমিসহ নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে চসিক উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে তিনি মুক্তিযোদ্ধাদের কাছে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আমরা চাই চট্টগ্রামের প্রতিটি ঐতিহাসিক স্থানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষিত হোক। যাতে আগামী প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে।

নগর পরিচালনা ব্যবস্থা প্রসঙ্গে মেয়র বলেন, বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গ ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থা চালু হয়নি। ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ও বিষয় সংরক্ষণে স্থানীয় সরকার সীমাবদ্ধতার মুখে পড়ে। তবুও চসিকের আওতাধীন এলাকাগুলোতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

মেয়র আরও বলেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। যারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, তাদের অনেকেই আজও কষ্টে দিনযাপন করছেন। তাদের প্রতি আমাদের দায়িত্ব ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করা।

বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা উল্লেখ করে মেয়র বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড ও স্পোর্টস কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা হচ্ছে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বইমেলার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না, বরং বই মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরি সংস্কৃতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করে জানান, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ই-লাইব্রেরির ব্যবস্থাও চালু রয়েছে।

প্রসঙ্গত, মেলায় মোট ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ১২৯টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫টি ডাবল স্টল এবং ৯৪টি সিঙ্গেল স্টল রয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ১১২টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় লেখক পাঠকের ব্যাপক সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মেলায় থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজন। এর মধ্যে রয়েছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, বৈশাখী উৎসব, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, কবিতা ও ছড়া উৎসব, আলোচনা সভা, লোকজ ও নৃগোষ্ঠী সংস্কৃতি বিষয়ক আয়োজনসহ নানা অনুষ্ঠান। প্রতিদিনের আলোচনা সভায় দেশের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদরা অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com